ফরিদপুরে চুরি করা বেঞ্চ বিক্রি করতে গিয়ে ধরা, যুবকের চুল-গোঁফ কেটে দিল জনতা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২

ফরিদপুর সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া বেঞ্চের লোহার ফ্রেম ও সাইনবোর্ড ভাঙাড়ির দোকানে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন সাব্বির খান (২৫) নামের এক যুবক। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে আটকে রেখে তার মাথার চুল ও গোঁফ কেটে দেয়। এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সাব্বির ওই এলাকার আবুল খানের ছেলে এবং বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিদ্যালয় বন্ধ হওয়ার পর সুযোগ বুঝে চারটি বেঞ্চের লোহার ফ্রেম, স্টিলের সাইনবোর্ড ও লোহার গ্রিল চুরি করেন সাব্বির। বৃহস্পতিবার সকালে এসব মালামাল কানাইপুর বাজারের একটি ভাঙাড়ির দোকানে বিক্রি করতে যান তিনি।

ভাঙাড়ির দোকানে বিদ্যালয়ের সাইনবোর্ড দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষকরা সেখানে গিয়ে চুরি হওয়া মালামালসহ সাব্বিরকে আটক করেন।

পরে একটি নছিমন গাড়িতে করে তাকে বিদ্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বসিয়ে ব্লেড দিয়ে তার মাথার চুল ও গোঁফ কেটে দেয়। এ ঘটনার কিছু ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা সাব্বির কৌশলে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসন্তী দত্ত বলেন, বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে মালামালগুলো চুরি করা হয়। সকালে বিষয়টি জানতে পারেন তারা। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসেন। তাকে একটি কক্ষে আটকে রেখে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়। পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান। এর মধ্যে এলাকার কিছু লোক তার চুল ও গোঁফ কেটে দেয়।

প্রধান শিক্ষিকা আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত যুবক পালিয়ে যান। লিখিত অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি