ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। গত বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটির সরকার। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন ও জাতীয় নিরাপত্তা রক্ষাকে বৈদেশিক নীতির অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িত নয় এমন দেশগুলোর ওপর হামলা, হরমুজ প্রণালি অবরুদ্ধ করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির পরিধি যাচাইয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রচেষ্টায় বাধা দেওয়ার বিষয়গুলোও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব ঘটনায় ইরান সরকারের প্রতি দেশটির আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

গত আগস্টে ক্ষমতায় আসার পর কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দেশটির আন্তর্জাতিক মিত্রতার ক্ষেত্রে পরিবর্তন আনেন। তার পূর্বসূরি গুস্তাভো পেত্রোর গাজা ইস্যুতে কঠোর অবস্থান থেকে সরে এসে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা জোরদার করেছেন।

 
ইত্তেফাক/এসজে