হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের বাসিন্দা মোহাদ্দিস খান (২০) একই উপজেলার সতং গ্রামের শেখ নয়ন মিয়া (২০)। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  

পুলিশ সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলে করে ৪ যুবক চান্দপুর চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে তারা বেপরোয়া গতিতে  মোটরসাইকেল চালানোর ফলে এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে  দুইজন মারা যান। আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।  

খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
ইত্তেফাক/এসজে