বিশ্বকাপের পর ফিফার নতুন উইন্ডোতে খেলতে নেমেই হোঁচট খেয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশার ড্র করেছে সেলেসাওরা। সেই ড্রতেই ফিফা র্যাংকিংয়ে পতন হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এই সুযোগে ইতিহাস গড়েছে মরক্কো। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো তারা ফিফা র্যাংকিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছে।
অস্ট্রেলিয়ার কাছে হারতেই বসেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের ৯৪ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রায়ানের গোলে সমতায় ফিরে সেলেসাওরা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ফিফার ওয়েবসাইট অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করে ২.০২ রেটিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। এতে তাদের মোট পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮০২.৯০—যার ফলে র্যাংকিংয়ের ৬ নম্বরে নেমে গেছে সেলেসাওরা। আর সেই সুযোগেই ব্রাজিলকে টপকে ১৮০৩.৯৯ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে নিজেদের আসন নিশ্চিত করেছে মরক্কো।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঘরের মাঠে গ্যাবনকে হারাতে পারলে পাঁচ নম্বর স্থানটিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে মরক্কো। এই ম্যাচ দিয়েই ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাই অভিযান শুরু করতে যাচ্ছে তারা। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে ‘অ্যাটলাস লায়নরা’।

এই অর্জনের মাধ্যমে ইতিহাসের সর্বোচ্চ র্যাংকিংধারী আফ্রিকান দল হিসেবে ১৯৯৪ সালে গড়া নাইজেরিয়ার ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল মরক্কো। ১৯৯৪ সালে আফ্রিকা কাপ অব নেশনস জয় এবং যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের (যেখানে তারা শেষ ১৬-তে পৌঁছেছিল) ওপর ভর করে সেই সময় বিশ্ব র্যাংকিংয়ের ৫ নম্বরে উঠেছিল 'গ্রিন ইগলস'রা।
অবশ্য ফিফার এই র্যাংকিংটি এখনই চূড়ান্ত নয়। চলতি আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ৭ অক্টোবর তাদের আনুষ্ঠানিক ও চূড়ান্ত র্যাংকিং প্রকাশ করবে ফিফা।
