ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের ১১৪টিতেই দোষী সাব্যস্ত করা হয়েছে ক্লাবটিকে। এমনটা জানিয়েছে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক এবং বিবিসি।
বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে দ্য অ্যাথলেটিককে জানিয়েছে, আনীত ১১৫টি অভিযোগের মধ্যে একটি ছাড়া সব কটিতেই ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করেছে মামলার শুনানির জন্য গঠিত স্বাধীন কমিশন। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় সূত্রগুলো নাম প্রকাশ করতে চায়নি।
তবে দোষী সাব্যস্ত হলেও সিটির বিরুদ্ধে এখনো শাস্তি নির্ধারণ করা হয়নি। এ প্রক্রিয়া চলমান বলে জানা গেছে। রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে ম্যানচেস্টার সিটি।
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ১১৫টি মামলার মধ্যে ৫৪টি অভিযোগ আনা হয়েছে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত। এখানে মূলত ক্লাব পরিচালনার আর্থিক তথ্য সঠিকভাবে না দেয়ার দাবি করেছে ইংলিশ লিগ কর্তৃপক্ষ। আর ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩৫বার তদন্তে সাহায্য না করার কথা বলছে তদন্ত কমিটি।
১৪ বার খেলোয়াড় এবং কোচদের সঙ্গে চুক্তি-বেতন এবং অন্যান্য আর্থিক লেনদেনের সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার সিটি। ৭ বার ইংলিশ প্রিমিয়ার লিগের প্রফিট এন্ড সাস্টেইনেবলেটি আইন ভঙ্গ করার অভিযোগ এসেছে সিটির বিরুদ্ধে। আর বাকি ৫টা অভিযোগ উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে না মানার অভিযোগ।
দোষী সাব্যস্ত হলে পয়েন্ট কেটে নেওয়া হবে ম্যানসিটির। আর্থিক জরিমানাও হবে বিপুল পরিমাণ। সঙ্গে রেলিগেশনেও যে পড়তে হবে আকাশি-নীলদের তা একপ্রকার নিশ্চিত।
