ভারতের পাঞ্জাবে কথিত পরকীয়ার সম্পর্কের পথে সন্তানরা বাধা হয়ে দাঁড়ানোয় নিজের তিন শিশুকে কীটনাশক মেশানো মিষ্টি খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। পুলিশের তদন্তে এমন তথ্য সামনে আসার পর শিশুদের মা লাভপ্রীত কৌরকে গ্রেপ্তার করা হয়েছে। তার কথিত প্রেমিক হারজিৎ সিং ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ আগস্ট একই পরিবারের তিন শিশু—৬ বছর বয়সী জশনূর কৌর, ৫ বছর বয়সী আরমানদীপ সিং এবং আড়াই বছর বয়সী রেহানদীপ সিং রহস্যজনকভাবে মারা যায়। প্রথমদিকে শিশুদের মৃত্যুর কারণ হিসেবে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং-এর বিষয়টি সামনে এসেছিল। তবে পরবর্তী তদন্তে পুলিশ জানতে পারে, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং পরিকল্পনা করেই শিশু তিনটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।
নিহত শিশুদের বাবা পেশায় ট্রাকচালক। তিন সন্তানের মৃত্যুর পর তার করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, রাখীবন্ধন উৎসব উপলক্ষ্যে বাজার থেকে কেনা মিষ্টি খাওয়ার পরপরই শিশুদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে একে একে তাদের মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রবজ্যোৎ কৌর গ্রোয়াল জানান, শিশুদের মা লাভপ্রীত কৌরের সঙ্গে হারজিৎ সিং নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। তদন্তকারীদের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে তারা তিন শিশুকে নিজেদের সম্পর্কের পথে বাধা হিসেবে দেখে হত্যার পরিকল্পনা করে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
পুলিশ জানায়, যে দোকান থেকে মিষ্টি কেনা হয়েছিল, সেই একই দোকানের মিষ্টি খেয়ে অন্য কোনো ব্যক্তি অসুস্থ হননি। বিষয়টি পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। এরপর মিষ্টিগুলো পরীক্ষা ও তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে, বাজার থেকে আনা মিষ্টির একটি অংশে আলাদাভাবে আগাছানাশক বা কীটনাশক মেশানো হয়েছিল। পরে কৌশলে সেই বিষাক্ত মিষ্টি তিন শিশুকে খাওয়ানো হয় বলে অভিযোগ।
এ ঘটনায় শিশুদের মা লাভপ্রীত কৌরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই তার কথিত প্রেমিক হারজিৎ সিং পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে জব্দ করা বিষাক্ত মিষ্টি ও অন্যান্য আলামত রাসায়নিক এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।
