‘খেলাধুলা শিশুদের মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখে’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৭

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, খেলাধুলা শুধু শারীরিক গঠনই করে না, বরং শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ ও সামাজিক করে তুলতে বড় ভূমিকা রাখে। বর্তমান প্রযুক্তির যুগে শিশুরা ঘরের কোণে আবদ্ধ না থেকে মাঠে থাকলে মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী আরও বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে কেবল বিনোদনে সীমাবদ্ধ না রেখে একটি পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করতে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসারের পদ সৃষ্টি ও মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এছাড়া জয়পুরহাট জেলায় প্রায় ৪৫ বিঘা জমির ওপর একটি আধুনিক মিনি স্টেডিয়াম ও স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জয়পুরহাট পৌরসভা ও আক্কেলপুর উপজেলা দল। খেলায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জয়পুরহাট পৌরসভা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন রিপন এবং ষোলোতম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আহাদ। দ্বিতীয়ার্ধে আক্কেলপুর উপজেলা দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং বেশ কয়েকটি আক্রমণ চালালেও জয়পুরহাট পৌরসভার শক্ত রক্ষণভাগের কারণে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, এই টুর্নামেন্টে জয়পুরহাট জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৮টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে। আগামী ৯ অক্টোবর জমজমাট ফাইনাল খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে।

ইত্তেফাক/এএম