নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর ও মালামাল চুরি, ডোবায় মিলল মূর্তি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭

বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে ভাঙচুর চালিয়ে দানবাক্সের অর্থ ও পূজার মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের একটি মূর্তি নিয়ে পাশের ডোবায় এবং আরেকটি মূর্তি সড়কের পাশের ধানখেতে ফেলে দেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত শ্রী খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, বৃহস্পতিবার রাতে পূজা-অর্চনা শেষ করে তিনি বাড়ি ফিরে যান। পরদিন শুক্রবার সকালে মন্দিরে এসে দেখতে পান দানবাক্সটি ভাঙা এবং ভেতরের মালামাল চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ সময় মন্দিরের একটি মূর্তি নিখোঁজ ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে মন্দিরের পাশের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সেটি উদ্ধার করা হয়। এছাড়া মাটিহাঁস থেকে হাটকড়ইগামী আঞ্চলিক সড়কের পাশের ধানখেতে ‘সন্ন্যাসী ঠাকুর’ নামের আরেকটি মূর্তি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

মন্দির কমিটির দাবি, চুরির সময় মন্দিরের দানবাক্সে থাকা নগদ টাকাসহ কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসির থালা ও প্লেটসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এনএন