রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাড্ডা ক্লিনিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে ২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘রাড্ডা ক্লিনিকে হামলা আধাঘণ্টা বা এক ঘণ্টায় ঘটেনি। একজনের নাম উল্লেখ করে ২৫০ জনের নামে মামলা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না।’
রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এডিসি দারুসসালামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবারের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, মুখোশ পরা ২৫০ জনের বেশি ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে ক্লিনিকের যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করা হয়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
