ফিফা আসিয়ান কাপে দুর্দান্ত শুরু পেয়েছে থাইল্যান্ড। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার বান্দুং শহরের ঐতিহ্যবাহী সি জালাক হারুপাত স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে থাইরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে থাইল্যান্ড। ম্যাচের ৩১ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দলকে এগিয়ে নেন তারকা স্ট্রাইকার তিরাসাক পোয়েইফিমাই। এরপর ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জ্যুড সুনসুপ-বেল। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় থাইল্যান্ড।
বিরতির থেকে ফিরে পাকিস্তান ম্যাচে ফেরার জোরালো চেষ্টা চালালেও থাই রক্ষণ আটকে যায় তারা। উল্টো ম্যাচের ৬৪ মিনিটে ভুল করে বসেন পাকিস্তানি ফুটবলার হারিস জেব। তার আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পাকিস্তান।
এরপর ম্যাচের ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোলটি করেন তিরাসাক পোয়েইফিমাই। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড।
