জুলাই বিপ্লবের দুই বছর পেরিয়ে গেলেও গণহত্যার বিচার সম্পন্ন হয়নি এবং বর্তমান সরকার বিষয়টি দীর্ঘসূত্রতায় ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার আয়োজনে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অনুষ্ঠিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো বিষয়গুলো থেকে মানুষের দৃষ্টি সরাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার আশ্বাসের মাধ্যমে জনগণকে নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
ছাত্রদলের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে শিবির সভাপতি বলেন, ছাত্রদল যদি ক্যাম্পাসে সহিংসতা ও সন্ত্রাসের পথ অব্যাহত রাখে, তাহলে তাদেরও ছাত্রলীগের মতো পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, ‘সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না।’
সরকারের সমালোচনা করে তিনি জ্বালানির দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার দিকে সরকারের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চা রক্ষায় সজাগ থাকার আহ্বান জানান নুরুল ইসলাম সাদ্দাম। ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকার রক্ষার পাশাপাশি ছাত্র সংসদকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানান তিনি।
