‘ওরা আমাকে মেরে ফেলবে, মা’ ফোনের পরই হোমস্টেতে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার যুবক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৯

ভারতের গুয়াহাটিতে একটি হোমস্টের কক্ষ থেকে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী সমাজবিজ্ঞানের শিক্ষার্থী নিমিশা ঠাকুরিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার ২৬ বছর বয়সী প্রেমিক আসিফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের কাছে আসিফ দাবি করেছেন, নিমিশা আত্মহত্যা করেছেন। তবে তার এই বক্তব্য নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। ঘটনাটিকে পরিকল্পিত হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃতদেহ কিংবা হোমস্টের কক্ষের মেঝেতে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি।

তদন্তে এখন পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। পরিবারের সদস্য ও এক পারিবারিক বন্ধুর দাবি, নিমিশা তাদের জানিয়েছিলেন যে তিনি এক বন্ধুর বাড়িতে রাত কাটাবেন। তবে গভীর রাতে তিনি মাকে ফোন করে আতঙ্কিত কণ্ঠে বলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে, মা।’

এরপরই তার ফোনটি কেড়ে নেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

এদিকে হোমস্টের কেয়ারটেকার ও রাঁধুনি বিপুল বাইলুং পুলিশকে জানিয়েছেন, রাতে তিনি এক ব্যক্তির চিৎকার শুনেছিলেন। ওই ব্যক্তি কাউকে উদ্দেশ করে ‘দাদা, ওঠো, ওঠো’ বলে চিৎকার করছিলেন।

পরে বাইরে এসে তিনি একটি কক্ষের সামনে কান্নার শব্দ শুনতে পান। সেখানে গিয়ে তিনি এক তরুণীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় এক যুবক ওই তরুণীকে ধরে ছিলেন বলে জানান তিনি। পরে হোমস্টের মালিককে খবর দেওয়া হলে অ্যাম্বুলেন্স ডাকা হয়।

নিমিশা হিন্দু এবং গ্রেপ্তার আসিফ মুসলিম হওয়ায় ঘটনাটিকে কেন্দ্র করে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে বিক্ষোভ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়।

পুলিশ জানিয়েছে, হোমস্টের মালিক, কেয়ারটেকারসহ অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

 
ইত্তেফাক/এসজে