বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৬

বরিশাল নগরীর বটতলা এলাকায় একটি ভবনে গোপন বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের পর বটতলা এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি যৌথ দল। এ সময় ওই ভবন থেকে তাদেরকে আটক করা হয়।

হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভবনে গোপন বৈঠক চলাকালে সেখান থেকে ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন পদধারী নেতা রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের কর্মসূচি প্রণয়নের জন্য তারা সেখানে একত্র হয়েছিলেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বেলা ১২টার পর তারা ওই ভবনে জড়ো হন। আটক ব্যক্তিদের মোবাইল ফোনের তথ্য যাচাই ও ট্র্যাকিং করা হচ্ছে। তাদের মাধ্যমে নগরীতে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

আটক ব্যক্তিদের বৈঠকের প্রকৃত উদ্দেশ্য এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা তদন্তের পর স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

 
ইত্তেফাক/এমএস