মিরপুরের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৪

রাজধানীর মিরপুর-১ এলাকায় শিশুদের টিকাদান ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ রাতের আঁধারে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দিয়ে জমি দখলের ঘটনাকে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের সঙ্গে তুলনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন,ইসরায়েলি জায়নবাদীরা যেভাবে ফিলিস্তিনি শিশুদের হাসপাতালগুলো ধ্বংস করে জমি দখল করত, বিএনপির সংরক্ষিত আসনের এমপির গুন্ডারাও সেভাবে রাতের আঁধারে শিশুদের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল শুরু করেছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মিরপুর-১-এর ওই টিকাদান ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, মুখোশধারী প্রায় ২৫০ জন ব্যক্তি কেন্দ্রে ঢুকে হামলা চালায়। এ সময় নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কেন্দ্রটিতে তছনছ ও লুটপাট করা হয়।

পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। হামলা ও ভাঙচুরে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের অভিযোগ, কেন্দ্রটির জায়গা দখলের উদ্দেশ্যেই স্থানীয় বিএনপির এক নেতা এ ঘটনা ঘটিয়েছেন।

এ ঘটনায় অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার।

ইত্তেফাক/এমএসআর