চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে মজুত করা ৯১৫ বস্তা সার জব্দ করা হয়েছে। শনিবার ও গত শুক্রবার পৃথক স্থানে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করে প্রশাসন।
জানা গেছে, শনিবার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে অভিযান চালিয়ে ৫১২ বস্তা সার জব্দ করা হয়। এ সময় সার ও কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেককে আটক করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ওসি সোলায়মান শেখ জানান, হাসাদহ বাজারে কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেকের দোকান থেকে ভর্তুকির সার পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তার চারটি গোডাউন থেকে ৫১২ বস্তা সার জব্দ ও তাকে আটক করা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় দত্তনগর সড়কে মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুত করে রাখা ৪০৩ বস্তা সরকারি সার জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির কোনো সুযোগ নেই। দুদিনে অভিযানে ৯১৫ বস্তা সার জব্দ করা হয়েছে। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সার অবৈধভাবে মজুত, কালোবাজারি বা নিয়মবহির্ভূতভাবে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
