রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানিয়েছেন, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ঢাকায় সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের একটি ক্লিনিকে হামলার ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে উপদেষ্টা মাহদী আমিন বলেন, সফর শেষে দেশে ফেরার কারণে ঘটনাগুলো সম্পর্কে তিনি বিস্তারিত অবহিত হয়েছেন। ইতোমধ্যে মিরপুর-১ নম্বরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
সরকারের প্রভাবশালী এই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, কোনো অপরাধী যদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনৈতিক দলের প্রভাব খাটানোর চেষ্টা করে, তবুও তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, ‘যদি কেউ সরকারের কর্তাব্যক্তির নাম কিংবা দলের কারও নাম বা পরিচিতি ব্যবহারের মাধ্যমে এ ধরনের কাজ করে; তাহলে আইন তার নিজের গতিতে চলবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বাহিনীগুলো আইন প্রয়োগে অত্যন্ত তৎপর রয়েছে। যেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেখানেই দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে সরকার যেকোনো ধরনের অস্থিতিশীলতা কঠোর হস্তে দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
