বগুড়ায় ডোবা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০০

বগুড়ার কাহালুতে ডোবা থেকে আলমগীর আকন্দ (৫০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের বড়ইতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার পাশে পড়ে থাকা অটোরিকশাটিও জব্দ করে পুলিশ।

নিহত আলমগীর আকন্দ জয়পুরহাটের কালাই উপজেলার শাস্তিনগর ইউনিয়নের উদয়পুর থল গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধারের আগে রাত সাড়ে ১১টার দিকে বড়ইতলা এলাকায় একটি শিশুসহ এক নারী ও এক পুরুষকে দেখা যায়। পরে পুলিশ আসার বিষয়টি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।

আজ রোববার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইত্তেফাক/আরএইচ