ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২০

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিন ধরে চলা অতিভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এখন পর্যন্ত সহস্রাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ২৪ কোটিরও বেশি জনসংখ্যার উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে বড় রাজ্য। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে এখানে নিয়মিত ভারী বৃষ্টি ও কালবৈশাখী দেখা দেয়।

রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস হয়েছে। এতে ৫৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ স্থলভাগে ঢোকায় বৃষ্টির তীব্রতা অনেক বেড়ে গেছে। এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত কয়েক বছর ধরে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতের মতো চরম আবহাওয়া বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে আসছে ভারতের আবহাওয়া দফতর। পরিবেশ বিশেষজ্ঞরা একে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন।

সরকারি হিসাবে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অথচ এই সময়ের স্বাভাবিক গড় বৃষ্টিপাত মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।

সূত্র: এএফপি

ইত্তেফাক/এবিএস