এবারের ফিফা উইন্ডোতে শুরুটা দারুণ করেছে ভারত। র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা পানামাকে রুখে দিয়েছে তারা। তবে ম্যাচ জিততে না পেরে ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিশ্চিয়ানসেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে পানামা। ম্যাচ জিততে না পারায় লজিস্টিকাল ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন পানামার কোচ। বেঙ্গালুরুর যানজট পেরিয়ে কান্তিরাভা স্টেডিয়ামে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। সেটা দলটির পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি
ক্রিশ্চিয়ানসেন বলেন, ‘আমি চাই না এটা কারও কাছে অজুহাত হিসেবে মনে হোক। কিন্তু যানজটের মধ্যে দুই ঘণ্টা বাসে থেকে স্টেডিয়ামে পৌঁছানো সহজ নয়। এখানকার লজিস্টিকস এবং যাতায়াত ব্যবস্থাও বেশ জটিল ছিল। মাঠের ভেতরে ও বাইরে আমরা কীভাবে বিষয়গুলো পরিচালনা করছি, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ, আমাদের খেলোয়াড়দের জন্য আরও ভালো ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল।’
ম্যাচের ৪১ মিনিটে ভারত এগিয়ে যায় রায়ান উইলিয়ামসের গোলে। এরপর ৬৮ মিনিটে সমতাসূচক গোল করেন ওমর ভ্যালেন্সিয়া। ১-১ গোলে ড্রয়ের পর নিজের কাঁধেই দায় নিয়েছেন ক্রিশ্চিয়ানসেন। পানামা কোচ বলেন, ‘একটি প্রজন্মের পরিবর্তন সহজ নয়। আজ (পরশু) পাঁচজন খেলোয়াড় প্রথমবারের মতো শুরুর একাদশে খেলেছে। ফলাফলের দায় আমার।’
