শেখ হাসিনা আসবে না দিল্লিতে বসে ষড়যন্ত্র করবে: মু‌ক্তিযুদ্ধ‌বিষয়কমন্ত্রী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না বরং দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আযম খান বলেন, ‘হাসিনা যে অন্যায় করেছে, গণহত্যা করেছে, যেভাবে নির্যাতন করেছে—তাকে সরকার নয়, আদালত ফাঁসি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপর ফাঁসির মঞ্চে যাক—বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করবে।’

বিরোধী দলের নেতাদের সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, তাদের মধ্যে কিছু তরুণ রাজনীতি শেখেননি এবং রাজনৈতিক শিষ্টাচারও জানেন না। তারা অশ্রাব্য ভাষায় কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সংসদের ভেতরে স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে। আর কোনো ধরনের জ্বালাও-পোড়াও নয়, কোনো ধরনের হুমকি-ধমকি নয়, রাজপথ রঞ্জিত করা নয়। আসুন, দেশটাকে পুনর্গঠন করি, গণতন্ত্রকে শক্তিশালী করি।’

বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আহমেদ আযম খান বলেন, দায়িত্বহীন আচরণ করে কথায় কথায় আন্দোলন করলে জনগণ বিএনপির সঙ্গে থাকলেও ভবিষ্যতে তাদের ভোট নাও দিতে পারে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আহমেদ আযম খানের সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সবুর রেজাসহ স্থানীয় নেতারা।

ইত্তেফাক/এসজেএস