থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি বসতঘরের মাটির নিচ থেকে উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪২

কুষ্টিয়ায় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কুমারখালী থানাধীন কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গ্রামের মো. মোবারক আলীর (৭০) বসতঘরের মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া একটি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেন।

ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হকের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।

 
ইত্তেফাক/এমএএম