সৌদি আরব-ইয়েমেনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮

সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যকার সংকট নিরসনে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (২৭ সেপ্টেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।

সাক্ষাৎকারে ইয়েমেন সংঘাত ও এর আঞ্চলিক প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে পেজেশকিয়ান জানান, মুসলিম দেশ হিসেবে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ হওয়া উচিত নয় বলে ইরান মনে করে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা একসঙ্গে বসে সৌদি আরব ও ইয়েমেনকে এই সমস্যা সমাধানে সাহায্য করতে প্রস্তুত।’

হুথিদের প্রতি ইরানের সহায়তা সংক্রান্ত প্রশ্নের জবাবে পেজেশকিয়ান জানান, ইরানের সঙ্গে ইয়েমেনের কেবল ‘সহানুভূতিশীল’ সম্পর্ক রয়েছে। ইয়েমেনে যা ঘটছে তার সঙ্গে ইরানের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।

রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথি এবং সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি গত জুলাই মাসে ভেঙে যাওয়ার পর সংঘাত পুনরায় শুরু হয়। এর ফলে লড়াইয়ে মূলত যোদ্ধা সহ শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং এক লাখের বেশি ইয়েমেনি গৃহহীন হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ