চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০০

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন অস্ত্র কিনতে আগ্রহী কি না তা জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য উন্মোচন করেছেন। 

গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে শি জিনপিং দেশে ফিরে যাওয়ার পর রোববার ডেভিড পারডিউ জানান, ট্রাম্প বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির ধারাবাহিকতায় শি জিনপিংকেও মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দেন। তবে চীনের প্রেসিডেন্ট এতে কী প্রতিক্রিয়া দেখিয়েছেন তা পারডিউ খোলসা করেননি।

এই সফরের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, চীন নিজস্ব প্রয়োজন অনুযায়ী সামরিক শক্তি গড়ে তুলেছে এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অব্যাহত অস্ত্র বিক্রির যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে পারডিউ এই মন্তব্যে করেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, মার্কিন আইনে চীনের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ এবং বেইজিংয়ের কাছে অস্ত্র বিক্রির কোনো প্রস্তাব বা পরিকল্পনা তাদের নেই।

তাইওয়ান নীতি অপরিবর্তিত রয়েছে জানিয়ে পারডিউ উল্লেখ করেন, ট্রাম্প তাইওয়ানের জন্য ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ অনুমোদন করেছেন, যা ১৯৭৯ সালের পর যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ৫০ শতাংশ বেশি।

আশির দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র চীনের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করলেও ১৯৯০ সালের পর তা পুরোপুরি বন্ধ রয়েছে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে এবং তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতা করে আসছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ