জুলাই হত্যা: সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামালসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৫

চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি দাখিল করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

মামলার আসামিদের মধ্যে কামাল আহমেদ মজুমদার ছাড়াও সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল রয়েছেন। বাকি আসামিদের নাম এখনো প্রকাশ করেনি প্রসিকিউশন।

প্রসিকিউটর তামীম জানান, ২০২৪ সালের ৪ ও ৫ জুলাই এবং ১৮ ও ১৯ জুলাই মিরপুর-১০ গোলচত্বর ও পল্লবীর কয়েকটি এলাকায় ৫০ জনের বেশি ‘নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতাকে’ গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের ‘সশস্ত্র ক্যাডাররা’ জড়িত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, একটি ফরমাল চার্জের মধ্যেই ওই কয়েক দিনের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ১৯ আসামির প্রত্যেকের ভূমিকা এবং কীভাবে তারা অপরাধ সংঘটনে যুক্ত ছিলেন, সেটিও উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা মামলাটির প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। পরে প্রতিবেদন যাচাই-বাছাই শেষে সেটিই আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ দিলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ইত্তেফাক/এসএ