৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, সব সই করে দেব: পিডিবির নির্বাহী প্রকৌশলী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩

‘আমি দুই কোটি টাকার নিচে নেব না, ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেবো’—সামনে থাকা এক ব্যক্তিকে এ কথা বলছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক নির্বাহী প্রকৌশলী। 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, কোথায় ধারণ করা হয়েছে এবং এর পুরো প্রেক্ষাপট কী—তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি সম্পাদিত কি না, সেটিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওর একটি অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিন গুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কী কয়।

এরপর তাকে বলতে শোনা যায়, একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’ পরে তিনি বলেন, ‘৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসাব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেবো।’

ভিডিওটির অন্য একটি অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নুরুল আমিনকে নগদ টাকা নিতে দেখা যায়। তবে ওই ব্যক্তিদের মুখ দেখা যায়নি এবং তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

একপর্যায়ে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এখানে কত?’ জবাবে এক ব্যক্তি বলেন, ‘এখানে ৩৫ স্যার।’ তখন নুরুল আমিন বলেন, ‘এক লাখ ৩৫।’ ওই ব্যক্তি বলেন, ‘আগে দিয়েছি এক লাখ স্যার।’

ভিডিওতে উল্লিখিত অর্থের অঙ্কগুলোর সঙ্গে বাস্তব কোনো লেনদেনের সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইত্তেফাক/এনএ