বিয়ের দাওয়াতে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনার চার দিন পর অবশেষে নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মারিখালি নদীর রতনপুর সেতুর নিচ থেকে ফায়ার সার্ভিসের সদস্য তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে সোনারগাঁও পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন মারিখালি নদী থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মেঘনা নদীতে ট্রলারডুবির পর হেলাল উদ্দিনসহ একই পরিবারের চারজন নিখোঁজ হন। ঘটনার দুইদিন পর গত শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত হেলাল উদ্দিনের ছেলে সজিব (২৪), মেয়ে সামিয়া (১৭) ও শিশু পুত্র সামিনের (৫) মরদেহ উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার কুমিল্লার হোমনা থেকে ১৪ জন সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে ট্রলারে করে রওনা দেন। দুপুর ৩টায় ট্রলারটি সোনাময়ী এলাকায় পৌঁছানো মাত্রই ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে ১৪ যাত্রী ছাড়াও বিয়ের বাজার দুটি গরু ও একটি ছাগল ছিল।
ঘটনার সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত নয়জনকে জীবিত এবং রায়েসা বেগম (৪০) নামের এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ ও স্থানীয় লোকজন সহযোগিতা করছেন।

বিয়ের বাজার নিয়ে ফেরার পথে গরু-খাসিসহ মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ৪