ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন রাকিবুলকে আদালতে হাজির করে আরও তিন দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে রাকিবুল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া ৪ মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে রাকিবুল হাসানের কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা প্রয়োজন। এ জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করতে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার এক পরিদর্শক রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয় আদালত। পরে মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনী সম্পর্কে রাকিবুল হাসানের কথিত উসকানিমূলক বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ১৭ সেপ্টেম্বর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়। পরে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ডিএমপি।
তবে রাকিবুল হাসান ওই অডিও নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন।
