পায়রা বন্দরের জন্য খুলনা শিপইয়ার্ডে টাগবোট নির্মাণ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেডে (কেএসওয়াই) নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে টাগবোটটির লঞ্চিং করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ। এ সময় কেএসওয়াই ও পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ বলেন, ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন  টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, ডিসপ্লেসমেন্ট ১ হাজার ১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩ দশমিক ৮ মাইল। আধুনিক সংযোজিত টাগবোটটি পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং এবং জাহাজের দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহৃত হবে।

টাগবোটটির অন্যতম গুরুত্বপূর্ণ সক্ষমতা হলো এর আধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম। পাশাপাশি টাগবোটটি রেসকিউ অপারেশন, আন্ডার ওয়াটার সার্ভে ও স্যালভেজ কার্যক্রম ও প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচল এবং পাইলট পরিবহনের মতো বহুমুখী কাজেও এটি ব্যবহার করা যাবে। এছাড়া ‘টিয়াখালী-৪’ দেশের জাহাজ নির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তি, দেশীয় দক্ষ জনবলের সমন্বয়ে জাহাজ ও টাগবোট নির্মাণের ক্ষেত্রে আরও একটি মাইলফলক।

উল্লেখ্য, খুলনা শিপইয়ার্ড লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে ৮০০টির অধিক নতুন জাহাজ নির্মাণ এবং ২ হাজার ৫০০টির অধিক জাহাজ মেরামতের অভিজ্ঞতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট নির্মাণ দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের কারিগরি উৎকর্ষ, জাহাজ নির্মাণ শিল্পে নিজস্ব সক্ষমতা ও অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। একই সঙ্গে টাগবোটটি পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমে সহায়তা প্রদানের পাশাপাশি দেশের সামুদ্রিক অবকাঠামো ও ব্লু ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ইত্তেফাক/এপি