রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর এক বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এই হামলায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে অঞ্চলটির নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং স্থানীয় ত্রাণকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাখাইনের উত্তরভাগের নদী তীরবর্তী শহর কিয়াউকটাওয়ের একটি বাজার সংলগ্ন এলাকায় এই হামলা চালানো হয়।

স্থানীয় একটি ত্রাণ দলের দায়িত্বে থাকা ওয়াই হুন আং হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার স্থানটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে এবং চলমান সশস্ত্র সংঘাতের সঙ্গে ওই এলাকার কোনো প্রত্যক্ষ যোগসূত্র ছিল না।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন অঞ্চলে সামরিক জান্তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তবে আলোচিত এই হামলার বিষয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সামরিক বাহিনী এর আগে দাবি করেছিল, বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি এড়াতে তারা সর্বোচ্চ সংযম দেখায়। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গত ডিসেম্বরে রাজ্যের একটি হাসপাতালের ওপর চালানো প্রাণঘাতী বিমান হামলার পর এটিই রাখাইনে সবচেয়ে ভয়াবহ বেসামরিক প্রাণহানির ঘটনাগুলোর একটি।

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/এবিএস