চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারত থেকে অবৈধ পথে আসা একটি মাদকের বস্তা (এসকাফ সিরাপ) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তাটি থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে এ ঘটনায় জড়িত থাকা এক চোরাকারবারি বিজিবির ধাওয়া খেয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
মহেশপুর ৫৮ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার মহেশপুর ৫৮ বিজিবির আওতাধীন জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়া গোয়ালদারের পুকুরের দক্ষিণ পাড়ের আমবাগানে অবস্থান করছিল। এ সময় ভারত থেকে সীমান্ত অতিক্রম করে আসা এক চোরাকারবারিকে বিজিবির টহল দল ধাওয়া করলে সে একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে আবার পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেন। একই বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো ও সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, উদ্ধার দেশীয় পিস্তল, গুলি ও এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
