দেশে এলপিজির কোন সংকট নেই, দাবি আমদানিকারক-অপারেটরদের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে বর্তমানে কোনো সংকট নেই বলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির সরবরাহ ও মজুদের পরিস্থিতি ভালো রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময়সভায় এ তথ্য জানান অপারেটররা। সভায় এলপিজির আমদানি, মজুদ, সরবরাহ ও বাজারদরসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে জানানো হয়, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে আরও ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন।

আমদানি ও মজুদের এসব তথ্য পর্যালোচনা করে সভায় বলা হয়, দেশে এলপিজির সরবরাহ ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বর্তমানে বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে দাবি করেন আমদানিকারক ও অপারেটররা।

তবে পর্যাপ্ত মজুদ থাকার পরও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহে কোনো ঘাটতি তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জ্বালানিমন্ত্রী। অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুদ করে কৃত্রিম সংকট বা জনদুর্ভোগ সৃষ্টি করছে কি না, সেদিকেও নজর রাখার কথা বলেন তিনি।

সভায় এলপিজি অপারেটররা ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধানে জ্বালানি বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। এলপিজি আমদানির ক্ষেত্রে সব ধরনের বাধা দূর করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 

 
ইত্তেফাক/এসএ