অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৯

অস্ত্র নয়, বর্তমানে এ দেশের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ইতিহাস টেনে তিনি বলেন, ব্রিটিশ ও পাকিস্তানের পাশাপাশি অতীতে শেখ হাসিনার হাতেও অস্ত্র ছিল, কিন্তু জনগণের সমর্থন না থাকায় কেউই ক্ষমতায় টিকে থাকতে পারেনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল নজরুল অডিটোরিয়াম হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের শক্তি বৃদ্ধি ও দাওয়াতি কার্যক্রম প্রসারের ওপর জোর দিয়ে মুফতি ফয়জুল করীম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জনশক্তি বাড়াতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমেই কেবল জনগণের প্রত্যাশা পূরণে শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা করা সম্ভব।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন যা কিছু করে, তা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করে। ইসলামের নামে যারা অনৈসলামিক কর্মকাণ্ড চালায়, দেশের মানুষ একদিন তাদের নিশ্চিতভাবে প্রত্যাখ্যান করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ। এছাড়া ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সম্মেলন শেষে ত্রিশাল উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান দলের সিনিয়র নায়েবে আমীর।

ইত্তেফাক/এএম