একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩২

একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ আসনের এমপি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে কমিটির পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এ ছাড়া আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সভায় মুক্তিযোদ্ধা সংসদকে সচল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কমিটি মনে করে, মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

এ সময় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে যথাযথ উদ্যোগ নেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে প্রাপ্য সম্মান পান, সে বিষয়ে সচেষ্ট থাকার পরামর্শ দেয় কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ও সংসদ সদস্য রোকেয়া বেগম অংশ নেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসজেএস