ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কার্যক্রমকে বিশ্ববিবেকের জন্য এক বিরাট কলঙ্ক বলে অভিহিত করেছেন। লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট করেন, ইসরায়েল যতই নিরাপত্তাজনিত হুমকির মুখে থাকুক না কেন, ফিলিস্তিনিদের ওপর চলা বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশা দেখে সাধারণ মানুষের ক্ষোভকে তারা গুরুত্ব দিয়ে দেখছেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। লেবার পার্টির নতুন নীতি অনুসারে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের উচ্ছেদ এবং গাজায় যুদ্ধাপরাধের মতো বিষয়গুলো এখন স্পষ্টভাবে সামনে আনা হচ্ছে। শুধু কথার কথা নয়, ইসরায়েলের অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং ব্রিটিশ অর্থায়ন ও নির্মাণ খাতের সহায়তা বন্ধ করার জোরালো ঘোষণাও দিয়েছেন মিলিব্যান্ড।
তবে তিনি জোর দিয়ে বলেন, এই প্রতিবাদ সাধারণ ইসরাইলি জনগণের বিরুদ্ধে নয়, বরং সরকারের ভূমিকার বিরুদ্ধে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতেও তারা দৃঢ়প্রতিজ্ঞ।
অন্যায়ের প্রতিবাদ ও সামাজিক ন্যায়বিচারের পারিবারিক মূল্যবোধ তুলে ধরে মিলিব্যান্ড বলেন, অন্যায়ের সামনে নীরব থাকার সুযোগ নেই। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বিশ্ব নিশ্চিত করা আমাদের নাগরিক দায়িত্ব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মূল্যবোধ যে ফিকে হয়ে যায় না, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি ব্রিটিশ জাতীয় আদর্শ রক্ষায় সোচ্চার থাকার অঙ্গীকার করেন। এ ছাড়া দেশের জলবায়ু সুরক্ষা, নিরাপত্তা ও বাণিজ্য স্বার্থ রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদার করার তাগিদ দেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
