চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের প্রধান ও অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশা দূর করে দ্রুত সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক। দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে সড়কগুলো খানাখন্দে রূপ নেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে উল্লেখ করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
উপাচার্যের কাছে জমা দেওয়া আবেদনে ১ নম্বর ফটক থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কটির করুণ চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, দীর্ঘদিন সংস্কার না করায় পিচঢালাই উঠে গিয়ে সড়কটির বিভিন্ন স্থানে বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এসব খানাখন্দে পানি জমে একদিকে যেমন যান চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল ও সাইকেল আরোহী শিক্ষার্থীরা চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন।
প্রধান সড়কের পাশাপাশি ক্যাম্পাসের অন্যান্য অভ্যন্তরীণ সংযোগ সড়ক দ্রুত মেরামতের তাগিদ দেওয়া হয়েছে আবেদনে। এর মধ্যে ২ নম্বর ফটক থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ল্যাবরেটরি স্কুল, শহীদ সোহরাওয়ার্দী হল, শাহ আমানত হল ও শাহজালাল হল সংলগ্ন সড়ক এবং আবদুর রব হলের সামনের রাস্তা অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া সমাজবিজ্ঞান অনুষদ মোড় ও বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট (ফরেস্ট্রি) এলাকা হয়ে মাস্টারদা সূর্যসেন হলমুখী সংযোগ সড়কগুলোর জরুরি মেরামতের দাবি জানানো হয়।
আবেদনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে সরেজমিনে ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারকাজ শুরুর তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে ক্যাম্পাসের অবকাঠামোগত নিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতে নিয়মিত তদারকি ও টেকসই সড়ক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীসহ সবার নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর দ্রুত সংস্কার জরুরি। শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদয় ও দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছি।’
