সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের সেখানকার আইন ও নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের আইন বা শৃঙ্খলার পরিপন্থি কোনো পোস্ট বা ভিডিও ফেসবুক, ইউটিউব কিংবা এক্সে প্রকাশ করা যাবে না। একই ধরনের পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।

কোনো কাগজপত্র ভালোভাবে না পড়ে তাতে সই বা আঙুলের ছাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সাদা কাগজে সই না করার জন্য সতর্ক করেছে কনস্যুলেট।

নিজের ইকামা ব্যবহার করে অন্য কারও নামে সিম, গাড়ি বা অন্য কোনো জিনিস কেনা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া এক জায়গার বা এক মালিকের ইকামা দিয়ে অন্য জায়গায় কাজ করা, রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে বিক্রি করা, অনুমতি ছাড়া ব্যবসা করা কিংবা অবৈধভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরিচিত বা অপরিচিত কারও সঙ্গে অবৈধ লেনদেন না করার পাশাপাশি চাকরির ভুয়া প্রলোভন থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

কনস্যুলেট জানিয়েছে, আইন মেনে চললে প্রবাসীদের জীবন যেমন নিরাপদ হবে, তেমনি বিদেশের মাটিতে দেশের নামও উজ্জ্বল হবে।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের বিজ্ঞপ্তি

 

ইত্তেফাক/এসজে