ফাউল, তর্ক কিংবা লাল কার্ড, ফুটবল মাঠে খুবই সাধারণ ঘটনা। তবে কনকাকাফ নেশনস লিগের অ্যান্টিগা ও বারবুডা–অ্যাঙ্গুইলা ম্যাচে বেশ ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। অ্যাঙ্গুইলার ফুটবলার এইডান স্কিপিওর অস্বাভাবিক লম্বা চুল টেনে ধরার ঘটনায় ম্যাচে লাল কার্ড দেখেছেন অ্যান্টিগা ও বারবুডার দুই ফুটবলার।
রোববার (২৭ সেপ্টেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে লিগ ‘সি’-এর ‘বি’ গ্রুপের ম্যাচে অ্যাঙ্গুইলাকে ৫–০ গোলে হারিয়েছে অ্যান্টিগা ও বারবুডা। তবে ম্যাচের শেষ দিকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন।
ম্যাচের ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন স্কিপিও। তখন তার দল ৫ গোলের ব্যবধানে পিছিয়ে। খেলার চেয়ে বেশি নজর কাড়ে স্কিপিওর পেছনে বাঁধা অস্বাভাবিক লম্বা চুল। চুলের দৈর্ঘ্য এতটাই বেশি যে বাঁধা অবস্থাতেও সেটি মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি ওপরে থাকে।

ম্যাচের ৭১ মিনিটে বল হারানোর পর স্কিপিওকে থামাতে পেছন থেকে তার চুল ধরে টান দেন কিওন গ্রিন। যা চোখে পড়ে রেফারির। সরাসরি লাল কার্ড দেখালে মাঠ ছাড়তে বাধ্য হন অ্যান্টিগা ও বারবুডার এই ফুটবলার।
এখানেই শেষ নয়। ম্যাচের যোগ করা সময়ে আবারও স্কিপিওর চুল ধরে টানার ঘটনা ঘটে। এবার শালন নাইট চুল ধরে টেনে তাকে পেছনে ফেলে দেন। মাটিতে পড়ে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্কিপিও। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রেফারি নাইটকেও সরাসরি লাল কার্ড দেখান।
এর ফলে ম্যাচের শেষ মুহূর্তে নয়জনের দলে পরিণত হয় অ্যান্টিগা ও বারবুডা। তবে দুই খেলোয়াড় কম নিয়েও ৫–০ গোলের ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
