শাহরিয়ার কবির-জাফর ইকবালসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৭

বানোয়াট মামলা তামাশা, আটক-বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী হামলা বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, এসব হয়রানিমূলক কর্মকাণ্ডের জন্য বিনা অপরাধে বহু শিক্ষক, চিকিৎসক, লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী স্বাভাবিক কাজ করতে পারছেন না। এতে শুধু তারা নন ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো দেশও।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

পোস্টে আনু মুহাম্মদ লেখেন, লেখক ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের সংগঠক শাহরিয়ার কবির, লেখক, শিক্ষক মুহম্মদ জাফর ইকবালসহ লেখক, শিক্ষক, শিল্পী ও চিকিৎসকদের বিরুদ্ধে অতিরঞ্জিত ও অযৌক্তিক মামলা করা হচ্ছে। তার মতে, এ ধরনের মামলা প্রকৃত অপরাধীদের বিচারের প্রক্রিয়াকেই ক্ষতিগ্রস্ত করছে এবং পুরো বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলছে।

তিনি আরও বলেন, শাহরিয়ার কবিরসহ লেখক, শিক্ষক, শিল্পী, চিকিৎসক ও সাংবাদিকদের বিরুদ্ধে করা অযৌক্তিক ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিচার প্রক্রিয়া অব্যাহত রেখে, তাদের জামিনে মুক্তি দেবার দাবি জানাচ্ছি।

ইত্তেফাক/এমএসআর