বিএনপি জনবান্ধব দল। বিএনপি যখন ক্ষমতায় আসে, জনগণ ভালো থাকে। জনগণকে ভালো রাখার চেষ্টা করি আমরা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে কীভাবে উন্নত করা যায় এবং তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এসে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। প্রান্তিক খামারিরা যাতে নিজেদের আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারেন, সে জন্য খাল খননের পাশাপাশি মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছিল বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন। তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানও কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যেই এরই মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রান্তিক ও ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তাদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। যাদের মধ্যে আজ বকনা বাছুর বিতরণ করা হচ্ছে, তারা সঠিকভাবে এসব গবাদিপশু লালন-পালন করলে একসময় তারা খামারিতে রূপান্তরিত হবেন। এর মাধ্যমে তারা নিজেরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এ লক্ষ্যেই বকনা বাছুর বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার খুন-গুম করেছে। শিশু-বাচ্চাদের পর্যন্ত হত্যা করেছে। সেই জালেম সরকারকে জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের বিতাড়িত করেছে। আজকে তারা বিভিন্ন ধরনের কথা বলে আবার আসতে চায়। বাংলাদেশের জনগণ ফাঁসির রায় কার্যকর করতে চায়। যে পরিমাণ খুন-গুম করেও কোনো অনুশোচনা নেই, তাকে দেশের মানুষ ছেড়ে দেবে না।
প্রতিমন্ত্রী বলেন, অনুশোচনা না করে হুমকি-ধামকি দেওয়া শুরু করেছে। হুমকি-ধামকি দিয়ে এই দেশের জনগণকে কি রোধ করা যায়? যাবে না। এই দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। য
তিনি আরও বলেন, যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে ততবার গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। দেশরত্ন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে। আবার এই ফ্যাসিবাদের বিদায় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের বিতারিত করেছে। কাজেই আজকে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমাদের।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রই যেন তারা এই দেশে করতে না পারে। আমরা যদি সজাগ থাকি, ষড়যন্ত্র করে লাভ হবে না
