শেখ মুজিবের জন্মদিনের কেক কাটায় যুবলীগের ৩ নেতা কারাগারে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই তিন নেতা হলেন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদার।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ নাজিরপুর ইউনিয়নের একটি জায়গায় কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, গত ১৭ মার্চ কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। ওই মামলার বেশির ভাগ আসামি পলাতক রয়েছেন। আজ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

ইত্তেফাক/এনএ