হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’ আছে: মাহমুদুর রহমান মান্না

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩৫

ঢাকার মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র ইন্ধন না থাকলে কোনো সন্ত্রাসী গ্রুপের এত সাহস থাকে না। মঙ্গলবার সকালে মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

পুলিশের নিষ্ক্রিয়তার সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না জানান, তিন ঘণ্টা ধরে হামলা চললেও আধা কিলোমিটার দূরের থানা থেকে পুলিশ সময়মতো আসেনি। এমনকি ৯৯৯-এ কয়েকবার ফোন করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ তো বটেই, পাকিস্তান আমলেও কোনো সেবামূলক হাসপাতালের ওপর এমন বর্বর হামলার কথা তার জানা নেই। গরিব মা ও প্রসূতিদের চিকিৎসাসেবা দেওয়া এই অলাভজনক প্রতিষ্ঠানে যারা হামলা ও লুটপাট চালিয়েছে, তাদের শেকড় খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, গণ-অভ্যুত্থানের পর কাঠামোগত সংস্কারের কথা বলা হলেও মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত মৌলিক বিষয়গুলোর বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এ সময় স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, সরকার এই ঘটনায় নির্লিপ্ত থাকলে জনগণের আস্থার সংকট তৈরি হবে। বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারকে অবিলম্বে কঠোর হাতে এসব বিশৃঙ্খলা দমন করার আহ্বান জানান মান্না।

 
ইত্তেফাক/এএম