গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কবির মণ্ডলের চার বছর বয়সী মেয়ে আফরিন আক্তার। আফরিন সম্প্রতি মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে মিম ও আফরিন বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। বেলা ১১টার দিকে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাদের উদ্ধার করে পুকুর থেকে তোলা হয়। তবে ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহুরুল হক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম