দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার ঘটনায় গাজী নজরুল ইসলামের সঙ্গে ভুক্তভোগীর পরিবারের করা একটি আপসনামা আদালতে দাখিল করা হয়েছে। তবে আদালত ওই আপসনামা আমলে নেননি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন শুনানি হয়।
শুনানিকালে উত্থাপিত আপসনামাটি আদালত গ্রহণ করেননি, তবে আসামি মাকছুদা ইসলামের বয়স ও নারী হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুর করলেও গাজী নজরুল ইসলামের জামিন মঞ্জুর করেননি আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, বুধবার আদালতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে বাদী মো. মাসুম বিল্লাহর (মরিয়মের বাবা) কোনো আপত্তি নেই বলে জানান। এদিন আসামিপক্ষ জামিননামার সঙ্গে একটি আপসনামা দাখিল করেন, তবে আদালত আপসনামা গ্রহণ করেনি। বয়স ও নারী বিবেচনায় মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন। আপসনামা আদালত গ্রহণ করলে তো দুজনকেই জামিন দিতেন। এই মামলা আপসযোগ্য নয়।
