নেত্রকোনায় যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৩

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদিনও রয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তারা জামিনের জন্য হাজির হলে আদালত তাদের জামিন বাতিল করে নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান এর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম।

এই ঘটনায় দায়ের হওয়া মামলার বিবরণীতে জানা গেছে, গত ২০ মে পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ডাকের দিন ছিল। এই ডাক নিয়ে সেদিন উপজেলা অফিস চত্বরে বিএনপি, যুবদল ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।

হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে আগিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওমর শরীফ পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদিনসহ ৩৩ জনের বিরুদ্ধে পূর্বধলা থানায় গত ২৫ মে মামলা দায়ের করেন।

তবে জামায়াতের স্থানীয় একটি সূত্র দাবি করে আসছে, হাটের ডাককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমরা এই মামলার আইনিভাবে মোকাবিলা করব। আশা করি আদালত দ্রুততম সময়ের মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করবেন।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামিদের আদালতে হাজির করা হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ইত্তেফাক/এপি