৫ জেলায় ভারী বৃষ্টি ও পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৯

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, এ সময়ে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার কোনো কোনো এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এদিকে, ভারী বৃষ্টির কারণে পাঁচ জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

পাহাড়ি এলাকায় বসবাসকারী ও চলাচলকারী মানুষকে এ সময়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএম