আফগান নারী সাংবাদিকের সঙ্গে খাজা আসিফের আলাপ

এমন কাপড় পরে আফগানিস্তানে গেলে তালেবান গলা কেটে দেবে

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১১:২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত রোববার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সঙ্গে এক সাক্ষাৎকারে আফগান নারী সাংবাদিক নাজিরা কারিমি আফগান-পাক সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। তিনি তালেবানের সঙ্গে পাকিস্তানের অতীতের ঘনিষ্ঠ সম্পর্ক এবং বর্তমান অবস্থান জানতে চান। একইসঙ্গে তালেবান শাসনে আফগানিস্তানের নারীদের অবস্থা নিয়েও প্রশ্ন রাখেন।

উত্তরে খাজা আসিফ সাংবাদিকের পোশাকের দিকে আঙুল তুলে বলেন, ‘এভাবে কাপড় পরে আফগানিস্তানে যাবেন না। তাহলে তালেবান আপনার গলা কেটে দেবে।’ তার সঙ্গে থাকা ব্যক্তিরা হাসিতে ফেটে পড়েন। সাক্ষাৎকারটি রোববারের হলেও বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক আলোচনায় উঠে আসে।

অনেকেই সমালোচনা করেছেন যে, নারীদের অধিকার নিয়ে গুরুতর প্রশ্নের জবাব তিনি হাস্যকর করে তুলেছেন। একজন বলেন, একজন নারী সাংবাদিকের সিরিয়াস প্রশ্নের এমন জবাব দেওয়া সত্যিই লজ্জার বিষয়।

খাজা আসিফ আরও বলেন, আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়া পাকিস্তানের বড় ভুল ছিল। আফগানিস্তানকে তিনি ভালো প্রতিবেশী হিসেবে দেখেন না বলেও মন্তব্য করেন।

গত চার দশকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে লাখ লাখ মানুষ পাকিস্তানে আশ্রয় নিয়েছিল। সম্প্রতি পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ঘন ঘন হামলার ঘটনা ঘটছে। পাকিস্তান এসব হামলার জন্য তালেবানকে দায়ী করছে। তাদের অভিযোগ, তালেবান সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় ও মদদ দিচ্ছে।

ইত্তেফাক/এবিএস