ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিওনেল মেসি

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৫:৩৫

নতুন এক অধ্যায় যোগ হতে যাচ্ছে লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে। বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় এই কিংবদন্তিকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি (ডক্টর হোনরিস কউসা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। 

আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলবেন মেসি। সেদিন ম্যাচের আগে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ে (ইউবিএ) উচ্চ পর্ষদের উত্থাপিত ও সর্বসম্মতিক্রমে গৃহীত এ প্রস্তাবের সূচনায় বলা হয়, ‘তার (মেসির) বর্ণাঢ্য ক্যারিয়ার উৎকর্ষ, অধ্যবসায়, বিনয়, কাজের ক্ষেত্রে শৈল্পিক ও নৈতিক আচরণ এবং একই সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের প্রতিনিধিত্ব করার প্রতি তার অঙ্গীকারের এক অনন্য দৃষ্টান্ত—যে মূল্যবোধগুলো এই বিশ্ববিদ্যালয় তার ইতিহাসজুড়ে সব সময় লালন ও প্রচার করে আসছে।’

বিশ্ববিদ্যালয়টির রেক্টর রিকার্দা গেলপি বলেন, ‘মেসি সম্পর্কে সব আর্জেন্টাইন যা জানেন—তার পরিসংখ্যান বা একজন ক্রীড়াবিদ হিসেবে অনন্য অর্জনগুলোর বাইরেও আমরা এমন একজন বিনয়ী এবং অদম্য মানুষকে সম্মান জানাতে চাই, যিনি আমাদের জনসংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের এক উজ্জ্বল প্রতীক ও দূত।’

Lionel Messi's Football Diet & Workout Plan

গেলপি আরও বলেন, ‘সম্মাননার মাধ্যমে আমরা এমন একজন মানুষের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরতে চাই, যিনি খেলাধুলার গণ্ডি পেরিয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন এবং উৎকর্ষের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন।’

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন, ‘এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি কেবল তার ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়। এটি ইউবিএর পক্ষ থেকে সমগ্র আর্জেন্টাইন সমাজের কৃতজ্ঞতার এক অনন্য নিদর্শন ও শ্রদ্ধাঞ্জলি।’

 

ইত্তেফাক/জেডএইচ