মাদক সেবনের ভিডিও ফাঁস হয়ে পদ হারালেন এনসিপি নেতা

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৯:৫৫

মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।

অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী নাজমুল ঠাকুরকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, তার মাদকসেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে।

ইত্তেফাক/এনএ