দেশে সেপ্টেম্বর মাসের পুরো সময়ে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ৩৪ হাজার ২১ কোটি ৮০ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
ব্যাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, সেপ্টেম্বর মাসে মোট ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যা তার আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ের চেয়ে ৮ কোটি বা তিন শতাংশ বেশি এসেছে এখন পর্যন্ত।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।
এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার।
অর্থবছরের পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
