ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিযানে একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর ছয় সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশটির রাজধানীতে এ অভিযান চালানো হয়। অভিযানের পর ঘটনাস্থল থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার ও জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।
তবে নিহত ব্যক্তিদের পরিচয় বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দারিদ্র্যপীড়িত সিস্তান-বেলুচিস্তান মাদক চোরাচালানের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত। অঞ্চলটিতে প্রায়ই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রদেশটির পরিস্থিতি পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা হালভশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের তীব্র লড়াই শুরু হয়।
এর আগে বুধবার জাহেদানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে শহরের প্রশাসনিক কার্যালয়ের বরাতে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফার্স।
সূত্র: রয়টার্স
